গ্রাম আদালত সক্রিয়করণে সুনামগঞ্জ জেলার ইউনিয়ন পরিষদের সেরা ৯ হিসাব সহকারীকে সম্মাননা


নিজস্ব প্রতিবেদক, সুনামগঞ্জ: সুনামগঞ্জ জেলায় গ্রাম আদালতের কার্যক্রম আরও গতিশীল, স্বচ্ছ ও কার্যকর করার লক্ষ্যে ইউপি হিসাব সহকারী কাম-কম্পিউটার অপারেটরদের রিফ্রেশার্স প্রশিক্ষণ পরবর্তী মেধা মূল্যায়ন, সনদপত্র ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

আজ ২৯ জুলাই (বুধবার) জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে কৃতিত্ব অর্জনকারী ৯ জন হিসাব সহকারী কাম-কম্পিউটার অপারেটরের হাতে সনদপত্র ও সম্মাননা স্মারক তুলে দেন জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমান এবং স্থানীয় সরকারের উপ-পরিচালক অসীম চন্দ্র বনিক।

এর আগে, গত ১১ থেকে ১৬ জুন সুনামগঞ্জ সার্কিট হাউজে ১২টি উপজেলার ৮৮টি ইউনিয়ন পরিষদের হিসাব সহকারীদের ৩টি ব্যাচে রিফ্রেশার্স প্রশিক্ষণ দেওয়া হয়। প্রশিক্ষণ শেষে অর্জিত জ্ঞান যাচাইয়ে বিশেষ লিখিত পরীক্ষা গ্রহণ করা হয় এবং প্রতি ব্যাচের সেরা তিনজনকে পুরস্কারের ঘোষণা দেওয়া হয়।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমান বলেন, "প্রান্তিক মানুষের দোরগোড়ায় দ্রুত ও স্বল্প খরচে বিচার সেবা পৌঁছে দিতে গ্রাম আদালত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এই প্রশিক্ষণ মাঠপর্যায়ে সঠিক বিচারিক পরিবেশ তৈরিতে হিসাব সহকারীদের আরও দক্ষ ও পেশাদার করবে।"

স্থানীয় সরকারের উপ-পরিচালক অসীম চন্দ্র বনিক প্রশিক্ষার্থীদের সততা ও নিষ্ঠার সাথে গ্রাম আদালতের কাজ পরিচালনার আহ্বান জানান। অনুষ্ঠানে জেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা ও গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্পের জেলা ব্যবস্থাপক মোঃ আমিনুর রহমান উপস্থিত ছিলেন।

পুরস্কারপ্রাপ্তরা জেলা প্রশাসনের এই ব্যতিক্রমী উদ্যোগের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, এই স্বীকৃতি মাঠপর্যায়ে বিচারিক সেবা ত্বরান্বিত করতে এবং কাজের গতি বহুগুণ বাড়িয়ে দিতে বড় অনুপ্রেরণা হিসেবে কাজ করবে। 

Post a Comment

Previous Post Next Post

Search This Blog