শাল্লায় আল-আমিন ইসলামি মডেল মাদ্রাসার অভাবনীয় সাফল্য: ৫ মাসে পবিত্র কুরআনে হাফেজ

 


নিজস্ব প্রতিবেদন: সুনামগঞ্জের শাল্লা উপজেলায় দ্বীনি ও আধুনিক শিক্ষার এক অনন্য বিদ্যাপীঠ হিসেবে পরিচিতি পাওয়া ‘আল-আমিন ইসলামি মডেল মাদ্রাসা’ সাফল্যের এক নতুন ইতিহাস রচনা করেছে। প্রতিষ্ঠার মাত্র ১১ মাস ৩ দিনের মাথায় এই প্রতিষ্ঠানটি থেকে এক খুদে শিক্ষার্থী মাত্র ৫ মাস ৩ দিনে সম্পূর্ণ পবিত্র কুরআন হিফজ সম্পন্ন করার গৌরব অর্জন করেছে। তারা হলেন একই ইউনিয়নের মোহাম্মদ তালহা আহমেদ সানি, পিতা- রাসেল মিয়া, গ্রাম- সিমেরকান্দা, ও সুলতান মাহমুদ রুহান, পিতা- সেকিম মিয়া, গ্রাম- শ্রীহাইল, উভয় ইউনিয়ন: শাল্লা, উপজেলা: শাল্লা, জেলা: সুনামগঞ্জ। বিরল এই সাফল্যকে উদযাপন করতে আজ পবিত্র রমজানের ২৭তম দিনে মাদ্রাসার উদ্যোগে এক বর্ণাঢ্য ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

শাল্লা সদরের ঘুঙ্গিয়ারগাঁও বাজার সংলগ্ন মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান আকর্ষণ ছিল হিফজ বিভাগের দুই শিক্ষার্থীর কুরআনের শেষ সবক সম্পন্ন করা। এর মধ্যে গত বছরের ১৪ এপ্রিল হিফজ শুরু করে অবিশ্বাস্য দ্রুততায় কুরআনের হাফেজ হওয়ার কৃতিত্ব দেখায় এক শিক্ষার্থী, যা পুরো শাল্লা উপজেলায় প্রথম ও এক অনন্য নজির। মাদ্রাসার প্রতিষ্ঠাতা সভাপতি জনাব মোহাম্মদ ইলিয়াস জাভেদ রাজ সাহেবের সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত এই মাহফিলে অতিথিবৃন্দ খুদে হাফেজদের এই বিস্ময়কর মেধা ও প্রতিষ্ঠানের শিক্ষার মান দেখে মুগ্ধতা প্রকাশ করেন এবং সংশ্লিষ্ট শিক্ষক ও অভিভাবকদের অভিনন্দন জানান।

অনুষ্ঠানে রাজনৈতিক ও সামাজিক অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। তাদের মধ্যে ছিলেন উপজেলা বিএনপি, জামায়াতে ইসলামী, খেলাফত মজলিস, এনসিপি ও গণ অধিকার,জমিয়তে উলামায়ে ইসলামসহ বিভিন্ন পর্যায়ের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ। এছাড়াও স্থানীয় বিভিন্ন মাদ্রাসার ওলামায়ে কেরাম, মসজিদের ইমাম, সাংবাদিকবৃন্দ এবং এলাকার সর্বস্তরের ধর্মপ্রাণ মানুষ এই মহতি অনুষ্ঠানে শামিল হন।

অনুষ্ঠানে বক্তারা উল্লেখ করেন, ২০২৫ সালের ১৪ এপ্রিল যাত্রা শুরু করার পর থেকেই আল-আমিন ইসলামি মডেল মাদ্রাসা একের পর এক সাফল্যের স্বাক্ষর রেখে চলেছে। ইতিপূর্বে হুফ্ফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশের জাতীয় প্রতিযোগিতায় এই মাদ্রাসার ৫ জন শিক্ষার্থী কৃতিত্বের সাথে উত্তীর্ণ হয়ে জেলা অডিশনে অংশগ্রহণের সুযোগ পেয়েছে। এছাড়া জাতীয় বোর্ড পরীক্ষায় দুইজন শিক্ষার্থী 'মুনতাজ' (এ+) পেয়ে অভাবনীয় ফলাফল অর্জন করেছে। এই রমজানেও মাদ্রাসার শিক্ষার্থীরা শাল্লা সরকারি ডিগ্রি কলেজ জামে মসজিদসহ বিভিন্ন মসজিদে অত্যন্ত সুনামের সাথে তারাবিহ নামাজ পড়িয়ে নিজেদের যোগ্যতার প্রমাণ দিয়েছে।

কুরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া এই আয়োজনে কৃতি শিক্ষার্থীদের হাতে বিশেষ পুরস্কার ও হাদিয়া তুলে দেওয়া হয়। পরিশেষে দেশ ও জাতির কল্যাণ এবং প্রয়াত সকল মুসলিম উম্মাহর রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। আধুনিক ও ধর্মীয় শিক্ষার এমন দৃষ্টিনন্দন সমন্বয় এবং অভাবনীয় এই সাফল্য পুরো এলাকায় ব্যাপক প্রশংসিত হচ্ছে।

Post a Comment

Previous Post Next Post

Search This Blog